টিকটক নিয়ে কারিগরি জটিলতায় পড়ছে মাইক্রোসফট

১০ আগষ্ট, ২০২০ ১৯:৪৫  
চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অধিগ্রহণের ক্ষেত্রে কঠিন কারিগরি জটিলতায় পড়ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। জটিলতা দূরীকরণে যে সময় লাগবে তাতে ট্রাম্প প্রশাসনের ধৈর্য্য পরীক্ষাও হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। খবর রয়টার্স। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প মাইক্রোসফটকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে অধিগ্রহণের ব্লুপ্রিন্ট সরবরাহ করতে হবে, যেখানে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর নির্ধারিত ঐ সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে টিকটক ব্যান করার বিষয়ে নির্দেশনা রয়েছে। মাইক্রোসফট অবশ্যই বাইটড্যান্সের সাথে চুক্তি হওয়ার পর ট্রানজিশনের জন্য সময় বৃদ্ধি বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ট্রাম্প এবং আইনপ্রণেতারা যেটি চাচ্ছেন সেটি সম্পন্ন করতে এক বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। টিকটক নিয়ে মাইক্রোসফট যে জটিল সমস্যার সম্মুখীন হবে সেটি হলো বিদ্যমান গ্রাহকদের ভিডিওসহ সকল ডেটা নিজেদের নিয়ন্ত্রণে নেয়া। বর্তমানে এই ডেটা যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিঙ্গাপুরেও ব্যাকআপ হিসেবে সংরক্ষিত হয়। টিকটকের চীনা সংস্করণ ডাওউইনের থেকে টিকটক দেখতে ভিন্ন হলেও সার্ভার এন্ডের কোডে এখন কিছু ডেটা বাইটড্যান্সের অন্যান্য পণ্য বা সেবার সাথে আদানপ্রদান হয়। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে মাইক্রোসফটকে টিকটকের সকল কোড রিভিউ করা ও নতুন সার্ভারে নেয়ার কাজ করতে হবে। কারণ এই সেবা দিতে কোনো ক্ষুদ্র অংশও চীনের উপর নির্ভর করলে সেটি সংশ্লিষ্ট কমিটি মেনে নেবে না। টিকটক নিয়ে মাইক্রোসফট আরেকটি বড় জটিলতায় পড়বে সেটি হলো এর রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদম, যার মাধ্যমে ব্যবহারকারীর আচরণকে বিবেচনা করে পরবর্তী ভিডিও সামনে আসে। ডিবিটেক/বিএমটি